পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ২১ জুন, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে চলা ‘নিট ইউজি’ পুনপরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং অনলাইন প্রতারণা চক্রের রাশ টানতে এক অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সহায়তায় আগামী ২২ জুন পর্যন্ত সমগ্র ভারতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’-এর ব্যবহার সাময়িকভাবে সীমিত করা হয়েছে। একই সাথে প্রশ্ন ফাঁসের ভুয়া প্রমাণ তৈরি রুখতে আগামী ৩০ জুন পর্যন্ত টেলিগ্রামের অত্যন্ত জনপ্রিয় ‘মেসেজ এডিটিং’ ফিচারটিও ভারতে সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই পদক্ষেপের কথা ঘোষণা করেছে।

এনটিএ জানিয়েছে, বেশ কিছু সুসংগঠিত চক্র টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেল ব্যবহার করে পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কিছু চ্যানেল তো প্রকাশ্যে দাবি করেছিল যে তাদের কাছে নিট পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে এবং তার বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকাও দাবি করছিল।

এই চক্রগুলির হাত থেকে মেডিকেল পরীক্ষার্থীদের সুরক্ষার্থেই এই 'ক্যালিব্রেটেড' বা সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এনটিএ আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মের কাছে নিটের প্রশ্নপত্র থাকার কোনো সম্ভাবনাই নেই।

এই ধরণের সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক। শুধুমাত্র অ্যাপ ব্লক করাই নয়, ৩০ জুন পর্যন্ত মেসেজ এডিট করার সুবিধা কেড়ে নেওয়ার পেছনে এক মারাত্মক জালিয়াতির কৌশল ফাঁস করেছে এনটিএ।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রীরা পরীক্ষা শেষ হওয়ার পর, তাদের চ্যানেলে থাকা অনেক পুরনো মেসেজ এডিট করে সেখানে আসল প্রশ্নপত্র বা উত্তরপত্র বসিয়ে দিত। পরবর্তীতে সেই এডিটেড মেসেজের স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে দাবি করা হতো, পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। এই ধরণের বিভ্রান্তি ও গুজব ছড়ানো রুখতেই ৩০ জুন পর্যন্ত পুরনো মেসেজ এডিট করার অপশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।