আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোড থেকে দেশ ও বিশ্বের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, বরং এটি মানুষে মানুষে সংযোগ গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম এবং মানবতার ঐক্যের প্রতীক।
১২তম আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২১ জুন এখন বিশ্বজুড়ে এক বৃহৎ উৎসবে পরিণত হয়েছে। কলকাতায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার মানুষ অংশ নেন। উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শহরবাসীর স্বচ্ছতা ও নাগরিক সচেতনতার প্রশংসা করেন।
বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে মোদী বলেন, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং লাহিড়ী মহাশয়ের মতো মনীষীদের ভূমি পশ্চিমবঙ্গ। তাঁদের চিন্তা ও সাধনার সঙ্গে যোগের গভীর সম্পর্ক রয়েছে। তাই বাংলার মাটিতে যোগ দিবস উদযাপনের বিশেষ তাৎপর্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু প্রবীণদের জন্য নয়, সব বয়সের মানুষের জন্য সমান উপকারী। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০ বছরের তুলনায় ৪০ বছর বয়সে আরও বেশি নমনীয় থাকা এবং ৩০ বছরের তুলনায় ৫০ বছর বয়সে আরও বেশি উদ্যমী হওয়া। যোগ আমাদের শরীরকে নমনীয় রাখে, মনকে শান্ত করে এবং জীবনযাত্রায় ভারসাম্য এনে দেয়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, যোগকে কেবল একটি দিনের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। একে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। ব্যক্তিগত সুস্থতার পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও উন্নত ভবিষ্যৎ গড়তেও যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে সকলকে নিয়মিত যোগচর্চার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগের শক্তিই বিশ্বকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষমতা রাখে।