শিয়ালদহ থেকে হাওড়া স্টেশন-সহ বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান ঘিরে ফের রাজপথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধর্মতলায় মানববন্ধন ও মিছিলে অংশ নেন তিনি। বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন ‘কালীঘাট তৃণমূল’-এর নেত্রী।

তাঁর সঙ্গে ছিলেন দলের নেতা কুণাল ঘোষ, দোলা সেন-সহ একাধিক নেতা-কর্মী।

রাজনৈতিক মহলের একাংশের মতে, হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে সংগঠনের শক্তিও যাচাই করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে যাদবপুর স্টেশনে হকারদের সমর্থনে বামপন্থী নেতা সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্যদের আন্দোলনে সাধারণ মানুষের একাংশের উপস্থিতি নজর কেড়েছিল। সেই প্রেক্ষাপটে হকার ইস্যুকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করতে চাইছে ‘কালীঘাট তৃণমূল’।