পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র ছয় মাসে ২৭ কেজি ওজন কমিয়ে নজির গড়েছেন ফিলিপাইনের সাবেক টেনিস খেলোয়াড় ও করপোরেট কর্মকর্তা আইও কানলাস। তার এই বদলের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল চার বছরের মেয়ে আরিয়া।

সিঙ্গাপুরে পারিবারিক ছুটির সময় হোটেলের সুইমিং পুলে মেয়ের সঙ্গে সাঁতার কাটতে নেমে নিজের শারীরিক দুর্বলতা টের পান কানলাস। একসময় দেশের হয়ে জুনিয়র ডেভিস কাপে খেলা এই ক্রীড়াবিদ বুঝতে পারেন, বয়স ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে তিনি আগের মতো ফিট নেই। মেয়ের গতির সঙ্গে তাল মেলাতেও তাকে হিমশিম খেতে হচ্ছিল।

এর কিছুদিন আগেই তার ওজন ১০০ কেজিতে পৌঁছেছিল। স্বাস্থ্য পরীক্ষায় উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যাও ধরা পড়ে। ওষুধের ওপর নির্ভর না করে জীবনযাত্রায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি। ব্যক্তিগত প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত শরীরচর্চা, ক্যালোরি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং সপ্তাহে কয়েক দিন শক্তিবর্ধক ব্যায়াম শুরু করেন।ফলও আসে দ্রুত।

২০২৬ সালের মে মাসে তার ওজন নেমে আসে ৭৩ কেজিতে। শরীরের অতিরিক্ত চর্বিও উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফাস্টফুড, মিষ্টি ও অন্যান্য অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে তিনি প্রোটিনসমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ শুরু করেন।

কানলাসের কথায়, পরিবারের সঙ্গে সুস্থ ও আনন্দময় জীবন কাটানোর ইচ্ছাই তাকে বদলে দিয়েছে। এখন তিনি মেয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে পারেন এবং অন্যদেরও দীর্ঘমেয়াদে মেনে চলা যায় এমন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।