রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডবল ইঞ্জিন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার ঘোষণা করল সরকার। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেন। এর ফলে রাজ্যে ডিএ-র হার ১৮ শতাংশ থেকে বেড়ে এক লাফে ৩৮ শতাংশে পৌঁছল।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মীদের আর্থিক সুরক্ষা ও মূল্যবৃদ্ধির চাপ মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন হারে ডিএ কার্যকর হওয়ার ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন।
 দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন। নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সেই দাবির বড় অংশ পূরণ হওয়ায় কর্মচারী মহলে খুশির আবহ তৈরি হয়েছে।

শুধু ডিএ বৃদ্ধি নয়, এদিনের বাজেটে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণাও করা হয়েছে।

বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর পাশাপাশি আগামী অক্টোবর মাস থেকে ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প চালুর ঘোষণাও করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে।

ডিএ বৃদ্ধির ঘোষণাকে ডবল ইঞ্জিন সরকারের অন্যতম বড় সিদ্ধান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সরকারের দাবি, কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং তাঁদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন ঘোষণার ফলে রাজ্যে মোট মহার্ঘভাতার হার ৩৮ শতাংশে পৌঁছনোয় সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।