পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর যত দিন এগোচ্ছে ততই যেন তৃণমূল নেতা-নেত্রীদের দুর্নীতির বহর আরও চওড়া হচ্ছে। দুর্নীতি ইস্যুতে তৃণমূলের একাধিক নেতা কাউন্সিলর প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছেন এবার সেই তালিকায় সংশোজন নদীয়ার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার নাম। সোমবার গভীর রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তেহট্টের নাজিরপুর ও করিমপুরের কিশোরপুরে যথাক্রমে শ্বশুরবাড়ি ও পৈতৃক বাড়িতে তল্লাশি চালায়। কিশোরপুর এলাকায় তৃণমূল নেত্রীর পৈত্রিক বাড়ি থেকে তিন কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি ৩৯ লক্ষ টাকা বলে জানা গেছে।
নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা সাহা ভৌমিক এলাকায় ভীষণ প্রভাবশালী এবং রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূলের বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত। গত ৮ জুন তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত পুলিশের হাতে গ্রেপ্তার হন। তারপর পুলিশ দফায় দফায় জেরা ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সব্যসাচী দত্তের বিপুল সম্পত্তি ও একাধিক ব্যাংক একাউন্টের হদিস মেলে। পুলিশ বেশ কিছু ব্যাংক একাউন্ট ফ্রিজ করে। সব্যসাচী দত্তের সূত্র ধরে টিনা সাহা ভৌমিকের বাড়িতে বিধাননগর পুলিশ আসে। তদন্তের স্বার্থে প্রাক্তন তৃণমূল এমএলএ সব্যসাচী দত্তকেও রাত বারোটা নাগাদ নিয়ে আসা হয় বলে স্থানীয় সূত্রে খবর।
নদীয়ার এই দাপুটে তৃণমূল নেত্রীকে নিয়ে ২০২৩ সালে সংবাদমাধ্যমে বেশ হইচই হয়। তেহট্টের প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত তাপস সাহার নাম নিয়োগ দুর্নীতি সঙ্গে জড়িয়ে যায়। কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই তাপস সাহার বাড়িতে তল্লাশি চালায়। তখন প্রাক্তন প্রয়াত তৃণমূল বিধায়ক ষড়যন্ত্রের অভিযোগ তুলে এই নেত্রীর দিকেই ইঙ্গিত করেন। পাশাপাশি এলাকায় কার প্রভাব বেশি থাকবে সেই নিয়ে দলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রথম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন, একইভাবে ২০২৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর উল্কার গতিতে উত্থান হয় বলে এলাকাবাসীর মত।
কয়েক বছর আগে তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ পঞ্চাশ কোটি টাকা ও কয়েক কেজি সোনা উদ্ধার হয় তখনও রাজনৈতিক মহলে শোরগল পড়ে যায়। এবার আবার আরেক প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘনিষ্টের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনা ঘটলো। তৃণমূল নেত্রী ও তার স্বামী পলাতক বলে জানা গেছে।