পুবের কলম ওয়েব ডেস্কঃ নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার উদ্যোগ আরও জোরদার করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। মঙ্গলবার কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিশেষ অধিবেশনের নথি জমা দেন ঋতব্রত শিবিরের প্রতিনিধিরা। তাঁদের দাবি, দলীয় বিধি মেনে বিশেষ অধিবেশন ডেকে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। তাতে চেয়ারম্যান করা হয়েছে অরূপ বিশ্বাসকে।
আরও পড়ুন:
সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনার সঙ্গে সাক্ষাৎ করে ঋতব্রত শিবিরের প্রতিনিধিরা সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ অধিবেশনের ‘মিনিটস’ জমা দিয়েছেন। সেই নথিতে অরূপ রায়কে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৩০ সদস্যের একটি জাতীয় কর্মসমিতি গঠনের বিষয়টিও জানানো হয়েছে।
আরও পড়ুন:
প্রতিনিধি দলে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, সন্দীপন সাহা, জাভেদ খান এবং আখরুজ্জামান।
তাঁদের দাবি, দলীয় গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রতীক দাবি করার প্রশ্নই নেই। আমরাই আসল তৃণমূল। জাতীয় কর্মসমিতির বৈঠকের বিষয়ে আমরা জাতীয় নির্বাচন কমিশনকে অবহিত করেছি। দলের প্রকৃত প্রতিনিধিত্ব আমাদের হাতেই রয়েছে।"আরও পড়ুন:
এদিকে মঙ্গলবার ঋতব্রত শিবিরের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সদ্য কালীঘাট শিবিরের জাতীয় কর্মসমিতি থেকে ইস্তফা দেওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিধানসভায় ঋতব্রতদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি বজবজের প্রবীণ বিধায়ক অশোক দেবও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, মঙ্গলবার বিকেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরেও ঋতব্রত শিবিরের পক্ষ থেকে আইনজীবীদের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে ৬ বিধায়কের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় প্রতীক সংক্রান্ত নিজেদের অবস্থান তুলে ধরতে পারে।