পুবের কলম, ওয়েবডেস্ক: সিন্ধু নদ ব্যবস্থার জলবন্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধের আবহে ভারতকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি সাফ জানিয়েছেন, যদি ইসলামাবাদ মনে করে যে দেশের জল নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে, তবে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বা যুদ্ধ শুরু করতে পাকিস্তান বিন্দুমাত্র দ্বিধা করবে না। পাক সংবাদমাধ্যম 'এআরআই নিউজ'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আসিফ স্পষ্ট করে দেন, পাকিস্তান জলসম্পদকে তাদের জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। নদীগুলির জলের অধিকার খর্ব হলে তার কড়া জবাব দেওয়া হবে।
আরও পড়ুন:
সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, "যে মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে—আর জল আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ—আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব।
নিশ্চিতভাবেই যাব।" পাক প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ, ভারত জলকে একটি কৌশলগত হাতিয়ার বা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করার দিকে হাঁটছে। পাকিস্তানের উদ্দেশ্যে আসা নদীর জলের গতিপথে যেকোনো ধরণের হস্তক্ষেপের পরিণতি যে অত্যন্ত মারাত্মক হবে, সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।আরও পড়ুন:
ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত 'সিন্ধু জলচুক্তি'-কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ার পরেই খাজা আসিফের এই মন্তব্য সামনে এল। প্রসঙ্গত, মূলত গত বছর থেকে আরও জটিল রূপ ধারণ করেছে।
২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। নয়া দিল্লি এই হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের হাত থাকার সরাসরি অভিযোগ তোলে। এর প্রতিক্রিয়ায় ভারত সরকার সিন্ধু জলচুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ভারতের স্পষ্ট বার্তা—ইসলামাবাদ যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ এই চুক্তি স্থগিতই থাকবে।আরও পড়ুন:
এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এক জোরালো বিবৃতিতে জানান, ভারত তার জলসম্পদ জাতীয় স্বার্থে ব্যবহার নিশ্চিত করবে। ভারতের ভাগের সিন্ধু নদের জলের "একটি ফোঁটাও" যেন দেশের বাইরে না যায়, তা নিশ্চিত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। ভারতের এই অবস্থানের পর থেকেই ইসলামাবাদের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে।