পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় ৩৫ বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের বহন করার পর অবসরে যাচ্ছে বোয়িং ৭৪৭-২০০বি মডেলের ঐতিহাসিক ‘এয়ার ফোর্স ওয়ান’। ফ্রান্স সফর শেষে বৃহস্পতিবার শেষবারের মতো উড়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসে বিমানটি। এরপরই তার সরকারি পরিষেবার ইতি ঘটছে।

মার্কিন প্রশাসনের প্রোটোকল প্রধান মনিকা ক্রাউলি সামাজিক মাধ্যমে জানান, জর্জ এইচ ডব্লু বুশের আমল থেকে বিমানটি একাধিক প্রেসিডেন্টকে সেবা দিয়েছে। প্রযুক্তিগতভাবে আধুনিক না হলেও এটি ছিল অত্যন্ত নির্ভরযোগ্য ও স্মৃতিবহ।

পুরনো বিমানটির জায়গায় এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করবেন কাতারের শাসক পরিবারের উপহার দেওয়া একটি অত্যাধুনিক বোয়িং ৭৪৭। প্রায় ৪০ কোটি মার্কিন ডলার মূল্যের এই বিলাসবহুল বিমানটির সংস্কার ও পরীক্ষার কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী মাসে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর সফরে নতুন বিমানটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে। ঐতিহ্যবাহী নকশার বদলে বিমানটিকে লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী পুরনো ‘এয়ার ফোর্স ওয়ান’-এর বিদায়ের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্সির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়েরও সমাপ্তি ঘটছে।