পুবের কলম ওয়েব ডেস্ক: রাজধানী নয়াদিল্লার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন প্রাণ হারালেন। তিনি বাংলাদেশী নাগরিক। এর ফলে দিল্লির অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২২ । ওই বাংলাদেশি নাগরিকের নাম মো. নুরুল আমিন (৪৪)। 

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। হাইকমিশনের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে দুটি বাংলাদেশি পরিবার রয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে তারা ভারতে গিয়েছিলেন এবং রাজধানীর একটি হাসপাতালের কাছাকাছি অবস্থিত ওই হোটেলে থাকছিলেন। দুর্ঘটনার জেরে তারা আগুনে পুড়ে যান। হাসপাতালে চলছিল চিকিৎসা।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ হাসপাতালে ভর্তি বাংলাদেশি নাগরিকদের দেখতে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালগুলোতে নিয়মিত যোগাযোগ রাখছেন। এ ছাড়া সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং আক্রান্ত পরিবারগুলোর পাশে থাকতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকমিশন আরও জানিয়েছে, আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের চিকিৎসা, নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ভারতীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের মধ্যে আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।