উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বহুতলের দ্বিতীয় তলায় থাকা কোচিং সেন্টারটিতে আচমকা আগুন লাগে। ঘটনাস্থলে বহু পড়ুয়া উপস্থিত থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েক জন জানলা ভেঙে দোতলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে, তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
খবর পেয়ে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে নিহতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।