মহারাষ্ট্রে বর্ষার দাপটে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টি ও বৃষ্টিজনিত দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। লোহাগড় দুর্গের কাছে ধস নামায় মুম্বই–পুণে এক্সপ্রেসওয়ে এবং পুরনো জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দুই শহরের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।
পাশাপাশি ধসের জেরে একের পর এক ট্রেন বাতিল হওয়ায় রেল পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।প্রবল বৃষ্টির কারণে মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। পরিস্থিতির কারণে সোমবার স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে।
মুম্বইয়ের কুর্লা এলাকায় একটি দোকানের উপর গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সাকি নাকা এলাকায় হাঁটুসমান জল পেরোনোর সময় এক ব্যক্তি খোলা ম্যানহোলে পড়ে যান বলে জানা গেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মুম্বই-পুণে সংলগ্ন পশ্চিমঘাট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, থানে, নভি মুম্বই এবং পালঘরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লোহাগড় সংলগ্ন ধসের কারণে মুম্বই–পুণে এক্সপ্রেসওয়ে ও পুরনো সড়ক বন্ধ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পরামর্শ দিয়েছে প্রশাসন।
রেল পরিষেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারজাত ও লোনাভালার মাঝামাঝি দক্ষিণ-পূর্ব ঘাট সেকশনে রেললাইনের উপর ধস নামায় মুম্বই ডিভিশনের আপ মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পুণেগামী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত লাইনের মেরামতির কাজ শুরু করলেও স্বাভাবিক পরিষেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।