পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশায় ভোটার তালিকা সংশোধনের খসড়া প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পর রবিবার নির্বাচন কমিশন ওড়িশার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তালিকা থেকে ২০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যে শাসক বিজেপি এবং বিরোধী দলগুলির মধ্যে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে।

ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক আর. এস. গোপালন এক সাংবাদিক বৈঠকে জানান, বিগত ২০ মে যখন ভোটার তালিকা চূড়ান্তভাবে ‘ফ্রিজ’ করা হয়েছিল, তখন রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৩.৩৩ কোটি। এরপর ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ নিবিড় সংশোধনী বা তথ্য গণনার কাজ চলে।

সেই প্রক্রিয়ার পর বর্তমানে খসড়া তালিকায় ওড়িশার মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩.১৩ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার ১.৬০ কোটি, মহিলা ভোটার ১.৫৩ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২,৭৭৫ জন।

মুখ্য নির্বাচনী আধিকারিক আর. এস. গোপালন জানান, ভোটারদের নাম বাদ পড়ার পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, ৮.৩২ লক্ষ ভোটারের মৃত্যু হওয়ায় তাঁদের নাম তালিকা থেকে সরানো হয়েছে। ১০.০৭ লক্ষ ভোটার অন্যত্র চলে গিয়েছেন অথবা তথ্য গণনার সময় টানা অনুপস্থিত ছিলেন।

১.৫৮ লক্ষ ভোটারের নাম দেশের একাধিক জায়গায় নথিভুক্ত থাকায় তা সংশোধন করা হয়েছে। প্রায় ১৪,০০০ ভোটার বুথ স্তরের আধিকারিকদের কাছে তাঁদের ফর্ম ফেরত দেননি।

ভোটার তালিকা থেকে এই বিপুল পরিমাণ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে মোদি সরকার ও ওড়িশার শাসকদল বিজেপি-র বিরুদ্ধে ‘চক্রান্তের’ অভিযোগ তুলেছে বিরোধীরা। কংগ্রেসের পরিষদীয় দলের নেতা রামচন্দ্র কদম সরাসরি অভিযোগ করে বলেন, "যে ২০ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তারা মূলত শাসকদল বিজেপি-র বিরোধী মনোভাবাপন্ন ভোটার। এটি একটি গভীর রাজনৈতিক চক্রান্ত।

" আগামী দিনে এই বিষয়টি নিয়ে তাঁরা বিধানসভার ভেতরে ও বাইরে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, বিজু জনতা দল-এর সহ-সভাপতি দেবীপ্রসাদ মিশ্র আরও চাঞ্চল্যকর দাবি তুলেছেন। তিনি বলেন, "সংখ্যাটা ২০ লক্ষ নয়, প্রকৃতপক্ষে ওড়িশার ভোটার তালিকা থেকে ২৭ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। প্রশাসন আরও ৭ লক্ষ ভোটারের নাম লুকিয়ে রাখছে।" বিরোধী দলগুলির এই আক্রমণের জবাব দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়ক বাবু সিং বলেন, "ভোটার তালিকা সংশোধনীর এই কাজটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করেছে, বিজেপি দল করেনি। বিরোধীরা পরাজয়ের ভয়েই কমিশনের এই সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে রাজনীতি করছে।"