পুবের কলম, ওয়েবডেস্ক: ভোট দিতে এসে নিজের নাম ‘মৃত’ তালিকায় দেখে কান্নায় ভেঙে পড়লেন এক ষাটোর্ধ্ব বৃদ্ধা। বিধানসভা নির্বাচনের দিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের খুলনা এলাকার ১৭৬ নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে। প্রশাসনের এমন চরম গাফিলতিতে ভোটারদের অধিকার নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুলনা এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সি আলপনা পাত্র এদিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকাল সকাল বুথে লাইনে দাঁড়িয়েছিলেন।
কিন্তু পোলিং অফিসারের কাছে পৌঁছাতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। ভোটার তালিকায় তাঁর নামের পাশে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘মৃত’। নিয়ম অনুযায়ী, তালিকায় মৃত বলে নথিভুক্ত থাকায় তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি।আরও পড়ুন:
নিজের অস্তিত্বের এমন অস্বীকার সহ্য করতে না পেরে বুথের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন আলপনা দেবী।
কান্নায় বুজে আসা গলায় তিনি প্রশ্ন করেন, "আমি তো বেঁচে আছি, তবে কেন আমাকে মৃত দেখানো হলো?" তাঁর আরও বড় আশঙ্কা, ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় এখন হয়তো তাঁর নাম সরকারি নথিপত্র থেকেও মুছে যাবে। এর ফলে তাঁর একমাত্র সম্বল ‘বার্ধক্য ভাতা’ বা সরকারি পেনশন বন্ধ হয়ে যেতে পারে বলে আতঙ্কে ভুগছেন ওই বৃদ্ধা।আরও পড়ুন:
ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের দীর্ঘ প্রক্রিয়া চললেও, কীভাবে একজন জীবিত ভোটারের নাম মৃত তালিকায় থেকে গেল, তা নিয়ে প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় ওই বুথে বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।