পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম। শনিবার সকালে কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ সংলগ্ন এলাকা থেকে ছয়টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোট চলাকালীন বুথের এত কাছে বোমা উদ্ধারের ঘটনায় ভোটারদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিরুরী গ্রামের ওই বুথটি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় একটি সন্দেহজনক লাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশি তল্লাশিতে ওই ব্যাগের ভেতর থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই জায়গাটিকে দড়ি দিয়ে ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা।

পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

বড়সড় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা।

ভোটের দিন প্রকাশ্য দিবালোকে এভাবে বোমা উদ্ধার হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভোট প্রক্রিয়া বিঘ্নিত করতে বা ভোটারদের ভয় দেখাতেই এই বোমাগুলি মজুত করা হয়েছিল। তবে কারা, কী উদ্দেশ্যে বুথ সংলগ্ন এই এলাকায় বোমা রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।