পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফা ঘিরে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণের আগে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যজুড়ে মোট ২,৮০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী রাখা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট প্রক্রিয়ায় কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি বরদাস্ত করা হবে না। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের পর্যাপ্ত মোতায়েনও নিশ্চিত করতে বলা হয়েছে। ডিউটিতে থাকা প্রত্যেক নিরাপত্তারক্ষীর কাছে ঢাল ও অস্ত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বাহিনী পরিবহনের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থাও রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট করাতে এবার কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না কমিশন।