পুবের কলম, ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাসের পর গত বছরই বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। শনিবার সকালে ফের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এদিন সকাল থেকেই শুরু হয়েছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি।
 
সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার তলব করেছিল ইডি।

কিন্তু শারীরিক কারণ বা অন্য অজুহাতে তিনি বারবার হাজিরা এড়িয়েছেন। বারংবার সুযোগ দেওয়ার পরেও তিনি দপ্তরে উপস্থিত না হওয়ায়, তদন্তকারী আধিকারিকরাই এদিন সকালে তাঁর বাড়িতে পৌঁছে যান। ২০২১ সালের জুলাই মাসে প্রথমবার গ্রেফতার হওয়ার পর প্রায় তিন বছর জেল হেফাজতে ছিলেন পার্থ। গত বছরের ১১ নভেম্বর তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন। তার পর থেকে নিজেকে রাজনৈতিক বৃত্তের বাইরেই রেখেছিলেন তিনি।

 
শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িই নয়, এদিন ইডির নজর ছিল নিয়োগ দুর্নীতির তথাকথিত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের দিকেও। নিউ টাউনে প্রসন্ন রায়ের দপ্তরেও এদিন হানা দেয় কেন্দ্রীয় সংস্থার একটি দল। উল্লেখ্য, এই মামলার শুরু থেকেই প্রসন্ন রায়ের নাম বারবার উঠে এসেছে। গত আগস্ট মাসে পুরুলিয়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা। মনে করা হচ্ছে, প্রসন্ন রায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনের সূত্র ধরেই আজকের এই জোড়া হানা।