পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের দিনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তা এবং সাধারণ মানুষের বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার যমুনা গ্রামে। অভিযোগ, গ্রামে ঢুকে একাধিক বাইক ভাঙচুর করার পাশাপাশি মহিলাদের ওপর শারীরিক নিগ্রহ চালিয়েছে বাহিনীর জওয়ানরা। এমনকি হুমকির পাশাপাশি গর্ভবতী মহিলাকেও হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার যমুনা গ্রামে আচমকাই ঢুকে পড়ে কেন্দ্রীয় বাহিনীর একটি দল। গ্রামের বাসিন্দা আসপিয়া বিবির অভিযোগ, “বাইরে কী হয়েছে আমরা জানি না।

হঠাৎ জওয়ানরা আমাদের বাড়ির উঠোনে ঢুকে তাণ্ডব শুরু করে। বাধা দিতে গেলে মহিলাদের মারধর করা হয়। এমনকি আমাদের বাড়ির একজন গর্ভবতী মহিলাকে ভয় দেখিয়ে জোরপূর্বক ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে।” গ্রামবাসীদের অভিযোগ, জওয়ানরা শুধুমাত্র মারধর করেই ক্ষান্ত থাকেনি, বরং সংখ্যালঘু সম্প্রদায়ের জাতি তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। অভিযোগ উঠেছে, জওয়ানরা প্রকাশ্যে হুমকি দিয়েছে যে প্রতিবাদ করলে তাদের ফের মারধর করা হবে।
এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়েই যমুনা গ্রামে পৌঁছন কোতুলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। ক্ষতিগ্রস্ত বাড়ি এবং বাইকগুলি পরিদর্শন করে তিনি বাহিনীর বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তোলেন। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেছে বেছে সংখ্যালঘু প্রধান বুথগুলিতে অতি-সক্রিয়তা দেখাচ্ছে। মানুষের ঘরে ঢুকে ভাঙচুর আর মারধর করা হচ্ছে। জাতি তুলে গালাগালি দেওয়া হচ্ছে।