পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে আবারও বালি মাফিয়াদের দাপট সামনে এল। চম্বল অঞ্চলে অবৈধ বালি তোলার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নৃশংস ভাবে খুন হলেন এক ফরেস্ট গার্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বুধবার সকালে মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত ফরেস্ট গার্ডের নাম হরিকেশ গুরজার। পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ‘ন্যাশনাল চম্বল ঘড়িয়াল স্যাংচুয়ারি’-র নিষিদ্ধ এলাকা থেকে অবৈধভাবে বালি তোলার খবর পেয়ে টহলদারি চালাচ্ছিলেন বনকর্মীরা। সেই সময় ৫৫২ নম্বর জাতীয় সড়কে একটি বালিভর্তি ট্রাক্টর আটকানোর চেষ্টা করেন তাঁরা।অভিযোগ, ট্রাক্টর থামানোর নির্দেশ অমান্য করে চালক বিনোদ কোরি গাড়ির গতি বাড়িয়ে দেন। সামনে দাঁড়িয়ে থাকা হরিকেশ গুরজারকে সজোরে ধাক্কা মেরে ট্রাক্টরের চাকায় পিষে দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় একটি পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে।
উল্লেখ্য, চম্বল অঞ্চলে অবৈধ বালি তোলা এবং মাফিয়াদের দৌরাত্ম্য নতুন নয়। অতীতেও প্রশাসনের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। ২০১২ সালে এক আইপিএস অফিসারকে একইভাবে পিষে মারার ঘটনা থেকে শুরু করে পরবর্তী বছরগুলোতেও একাধিক সরকারি কর্মী এই মাফিয়াদের হাতে প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে কড়া পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।