পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের শিবপুরীতে বিজেপি বিধায়ক প্রীতম লোধির বিতর্কিত মন্তব্য ও হুমকিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের ছেলের ড্রাইভিং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হতেই মেজাজ হারিয়ে পুলিশ আধিকারিককে 'গোবর' দিয়ে বাংলো ভরিয়ে দেওয়ার হুমকি দিলেন তিনি। এর আগে তাঁর ছেলে দিনেশ লোধি নিজের থার গাড়ি দিয়ে পাঁচজনকে চাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে কারেরা থানার ঠিক সামনেই বিধায়ক-পুত্র দিনেশ লোধি দ্রুতগতির একটি থার গাড়ি নিয়ে পাঁচজনকে পিষে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় দিনেশের ড্রাইভিং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হতেই মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) আয়ুষ জাখরকে নিশানা করেন বিধায়ক।
জানা যায়, ছেলের লাইসেন্স বাতিলের নির্দেশ কে দিয়েছে, তা জানতে চেয়ে মেজাজ হারান প্রীতম লোধি। তিনি সরাসরি পুলিশ আধিকারিককে হুমকি দিয়ে বলেন, "আগামী ১৫ দিনের মধ্যে জবাব না পেলে হাজার হাজার বিক্ষোভকারী নিয়ে আপনার বাংলো গোবর দিয়ে ভরিয়ে দেব। দিল্লি থেকে কি মোদিজি, অমিত শাহ বা সিন্ধিয়া নির্দেশ দিচ্ছেন? আমাদের শীর্ষ নেতৃত্ব ভোপালে বসেন।" পেশিশক্তির আস্ফালন দেখিয়ে বিধায়কের হুঁশিয়ারি, "আগে আমার হাতের মুঠোর ওজন ছিল আড়াই কেজি, এখন তা ২৫০ কেজি হয়েছে।"
দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের অভিযোগ, পাঁচজনকে চাপা দেওয়ার পর দিনেশ লোধি অত্যন্ত স্বাভাবিকভাবে ৫০০ মিটার দূরে একটি জিমে চলে যান। পুলিশ পৌঁছালে তিনি ঔদ্ধত্যের সাথে বলেন, "চলে যাও, আমি ওসি-কে দেখে নেব। আমার বাবা বিধায়ক, উনি খুনের মামলাও সামলে নিতে পারেন।" পুলিশ আধিকারিক আয়ুষ জাখর জানিয়েছেন, তাঁদের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই এবং আইন মেনেই লাইসেন্স বাতিলের কাজ চলছে।
প্রসঙ্গত, গত এপ্রিলে তিনি বলেছিলেন, আধিকারিকরা কাজ না করলে তাঁদের জল ও বিদ্যুৎ সংযোগ কেটে দেবেন। এমনকি কুরুচিকর ভাষায় শারীরিক লাঞ্ছনার হুমকিও দিয়েছিলেন। তিনি এসপি-র বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছিলেন এবং দাবি করেছিলেন তাঁকে হত্যার ষড়যন্ত্র করে ফোন রেকর্ড করা হচ্ছে।