পুবের কলম ওয়েব ডেস্কঃ বিজেপি নেতাদের সতর্ক করলেন দলেরই বিধায়ক। অত্যাচার বা অন্যায় করলে কাউকে ছাড়া হবে না। বিজেপি নেতা হলেও রেহাই মিলবে না বলে স্পষ্টভাবে সতর্ক করলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, কেউ অত্যাচার করলে হোয়াটস অ্যাপে অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়ার ১৫ মিনিটের মধ্যে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বিধায়ক।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশ মেনে কর্মীদের সংযত থাকতে হবে বলেও তিনি বার্তা দিয়েছেন।আরও পড়ুন:
জানা গিয়েছে, দুর্গাপুরের ইস্পাত নগরীতে একটি পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিয়েছেন বিধায়ক। অন্যায়, অত্যাচার নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিয়ে বিধায়ক নিজের হোয়াটস নম্বর দিয়ে বলেন, কোনও বিজেপি কর্মী যদি মানুষের ওপর অত্যাচার করেন তাহলে তাঁর কাছে ওই নম্বরে অভিযোগ জানানো যাবে। ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সবকিছু খতিয়ে দেখে গ্রেফতারও করা হবে।
এদিকে, দলীয় নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁকে জিতিয়ে বিধায়ক করার জন্য। একইসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল আমলে যারা মানুষের ওপর অত্যাচার করেছে তারা এখন জেলে রয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, নির্বাচনের ফল প্রকশের পরেই বিভিন্ন জায়গায় হিংসার খবর পাওয়া যায়। এরপরেই দলের রাজ্য সভাপতি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন দলের পতাকা নিয়ে কোনও হিংসামুলক কাজ করা যাবে না। একইসঙ্গে, কোনও রাজনৈতিক রঙ না দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন শমীক ভট্টাচার্য। এবার একই সুর শোনা গেল বিজেপি বিধায়কের কন্ঠে।