পুবের কলম, ওয়েবডেস্ক: : বিগত কয়েকদিন ধরেই বিজেপিশাসিত বেশ কয়েকটি রাজ্যে গো-রক্ষার অছিলায় মুসলিম নির্যাতন নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এর মধ্য রয়েছে গো-ব্যবসায়ীদের উপর হামলা, মারধর থেকে পিটিয়ে খুনের মতো ঘটনা। 'গো-রক্ষাকারী' বলে দাবি করে রাজনৈতিক দলের ছত্রছায়ায় একদল মানুষ নিজের হাতেই আইন তুলে নির্যাতনের ঘটনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে বহু মামলাই পরিস্থিতির চাপে ধামাচাপা পড়ে যাচ্ছে, আর অনেক সময় রাজ্য সরকারের রক্তচক্ষুতে নিষ্ক্রিয় থাকছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন:
ফের মহারাষ্ট্রে একই ধরনের ঘটনার শিকার হলেন এক মুসলিম যুবক। গো হামলাকারিদের নির্যাতনে মৃত্যু গবাদি পশু পরিবহনকারি মুসলিম যুবকের। গত ১০ জুন লুকমন আনসারি নামে ওই মুসলিম যুবকের দেহ উদ্ধারের পর ঘটনাটি প্রকাশ্যে আসে। বুধবার পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইগতপুরী এলাকার ঘাটনদেবী এলাকা থেকে ২৩ বছরের যুবক লুকমন আনসারির দেহ উদ্ধার হয়েছে।
মহারাষ্ট্রের নাসিকে গো-রক্ষকদের হাতে নিগৃহীত হওয়ার পর মুসলিম যুবক লুকমন আনসারির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে মামলা শুরু হয়েছে। ধৃত সকলেই রাষ্ট্রীয় বজরং দলের সদস্য বলে জানা গেছে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, লুকমন আনসারি গত ৮ জুন গবাদি পশু বহনকারি টেম্পো নিয়ে আসছিলেন।
সেই সময় থানে জেলার সাহাপুরের ভিহিগাঁও-এর কাছে ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের পথ আটকায়। এর পর তারা টেম্পোর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে সেটিকে ইগতপুরীর ঘাটনদেবী এলাকায় নিয়ে যায়। একটি নির্জন স্থানে টেম্পোটিকে থামিয়ে দিয়ে তারা আনসারি সহ আরও তিনজন যুবককে মারধর শুরু করে তারা। বাকিরা পালিয়ে যেতে পারলেও গো-হামলাকারিদের নির্যাতনের শিকার হন লুকমন। ঘটনায় মৃত্যু হয় তার। তবে অভিযুক্তদের দাবি খাদে পড়ে মৃত্যু হয়েছে লুকমন আনসারির। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারার অধীনে একটি সহ আরও একটি মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে।
.