পুবের কলম ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে। ট্রেনের কামরায় আগুন লেগেছে বলে গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে একাধিক যাত্রী চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বসেন। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অন্তত চারজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ট্রেন দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

দুর্ঘটনায় বহু মানুষ গুরুতর আহত হয়েছেন এবং তাদের মধ্যে অনেককেই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঝসি ডিভিশনের অন্তর্গত হেতমপুর রেলস্টেশনের কাছে রবিবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হেতমপুর স্টেশনের কাছে ডাউন খজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ে। স্টেশনে ঢোকার অনেকটা আগেই ট্রেনটি থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এর মধ্যেই ট্রেনের কামরায় আগুন লেগেছে বলে গুজব ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক সৃষ্টি হয়।

প্রাণ বাঁচানোর তাগিদে অনেকে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পাশের রেল লাইনে গিয়ে দাঁড়ান।

ঠিক সেই সময় ওই লাইন দিয়ে দ্রুত গতিতে আসছিল ফিরোজপুর-সেওনি পাতালকোট এক্সপ্রেস। অনেক যাত্রীই ট্রেনটি আসার বিষয়টি বুঝতে পারেননি। ফলে ট্রেনটি দ্রুত গতিতে তাদের ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে রেল এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ শুরু করেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত করার চেষ্টা চলছে। এই ট্রেন দুর্ঘটনা কেন্দ্র করে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত ছিল।