পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার বাংলায় এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মেরে ফেলার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। শিশুচোর সন্দেহে কেরলের ওই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক গণপিটুনি ঘটনায় ইতিমধ্যে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে, যার মধ্যে দুইজন নাবালক রয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি কেরল থেকে কুলতলিতে তার এক পরিচিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মঙ্গলবার সকালে তিনি স্থানীয় একটি বাজারে গিয়ে পথ হারিয়ে পাশের একটি অপরিচিত এলাকায় ঢুকে পড়েন। একজন অপরিচিত ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের দানা বাঁধে। এরপরই স্থানীয় কয়েকজন তাকে চোর বলে সন্দেহ করতে শুরু করেন।
এমনকি ওই ব্যক্তিকে ঘিরে শিশু চোর বলেও এলাকায় গুজব ছড়িয়ে পড়ে।আরও পড়ুন:
স্থানীয়রা ওই ব্যক্তির কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি বাংলা ভাষা বুঝতে না পারায় নিজের পরিচয় ও আগমনের উদ্দেশ্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। এরপরেই এলাকার একদল মানুষ তাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করতে শুরু করে। গণপিটুনি চলাকালীন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন:
এদিকে, এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় গণপিটুনির ভিডিও ভাইরাল হয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতদের আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, এই গণপিটুনি ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।