পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ এবং অসমের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সামাজিক মাধ্যম 'এক্স'-এ একটি পোস্টে তিনি এই জয়কে সাধারণ মানুষের 'জনাদেশ চুরি' বলে অভিহিত করেছেন। রাহুলের দাবি, এই ফলাফল ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে গেরুয়া শিবিরের একটি পরিকল্পিত পদক্ষেপ।

বাংলায় তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর যখন রাজনৈতিক মহলের একাংশ উল্লাসে মেতেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন রাহুল।

তিনি স্পষ্ট করে দেন যে, তৃণমূলের এই হার কেবল একটি দলের পরাজয় নয়, বরং এর নেপথ্যে রয়েছে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র। রাহুল লেখেন, "বাংলা এবং অসমের জনাদেশ চুরি করা আসলে ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার মিশনে বিজেপির আরও একটি বড় পদক্ষেপ।"

তৃণমূলের হারে কংগ্রেসের অন্দরে এবং বাইরে যারা আনন্দ প্রকাশ করছেন, তাঁদের কড়া ভাষায় সতর্ক করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, এখন ক্ষুদ্র দলাদলি বা তুচ্ছ রাজনীতি করার সময় নয়।

রাহুলের কথায়, "কংগ্রেসের কেউ কেউ এবং অন্যান্যরা তৃণমূলের হারে খুশি হচ্ছেন। তাঁদের পরিষ্কার বোঝা উচিত— এটা কোনো একটি নির্দিষ্ট দলের বিষয় নয়, এটা ভারতের ভবিষ্যতের বিষয়। ক্ষুদ্র রাজনীতি সরিয়ে রাখুন।"

সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করেছে বিজেপি। অন্যদিকে, অসমেও টানা তৃতীয়বারের মতো ক্ষমতা দখল করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে গেরুয়া দল।