পুবের কলম ওয়েব ডেস্ক: আরও বিপাকে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দক্ষিণ ২৪ পরগনায় আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ বণ্টনে দুর্নীতিতে নাম জড়াল তৃণমূল সেনাপতির। তাঁর বিরুদ্ধে ত্রাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে শনিবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। একই সঙ্গে তিনি জেলার প্রতিটি থানায় এনিয়ে অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছেন।

অভিযোগকারী বিজেপি নেতার দাবি, ২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে যে অর্থ বরাদ্দ হয়েছিল, তার একটি বড় অংশ প্রকৃত দুর্গতদের কাছে পৌঁছায়নি। তাঁর অভিযোগ, তৎকালীন প্রশাসনিক ও পঞ্চায়েত স্তরের একাধিক দায়িত্বশীল ব্যক্তির যোগসাজশে ওই অর্থের অপব্যবহার করা হয়েছে। অভিজিৎ দাস ববির বক্তব্য অনুযায়ী, বিষ্ণুপুর-১ ব্লকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য প্রায় ২৫ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি বরাদ্দ হয়েছিল। সেখানে প্রায় ৩১ হাজার ক্ষতিগ্রস্ত ঘরের তথ্য থাকলেও সরকারি নথিতে ৩৪ হাজার ঘরের হিসাব দেখানো হয়েছে বলে অভিযোগ।

একইভাবে বিষ্ণুপুর-২ ব্লকেও কয়েক কোটি টাকার অনিয়ম হয়েছে বলে দাবি করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, একাধিক পীড়িতের নামে একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। কোথাও একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক ব্যক্তির নাম দেখানো হয়েছে, আবার একই পরিবারের বহু সদস্যকে ত্রাণপ্রাপক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এসবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে বলে তাঁর দাবি।

এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিও জানিয়েছেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, তৎকালীন বিডিও, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।

উল্লেখ্য, সম্প্রতি একাধিক বিষয়ে অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। বিভিন্ন মামলায় সিআইডির আধিকারিকরা আসছেন তাঁর বাড়িতে। এর মধ্যেই আমফান ত্রাণ সংক্রান্ত নতুন অভিযোগ রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।