পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। সংশোধনের পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৭৭ লক্ষে। তবে বাদ পড়ার পাশাপাশি কিছু নতুন ভোটারও তালিকায় যুক্ত হয়েছেন। ভোটমুখী চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অসম ছাড়া বাকি সব জায়গাতেই এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানো হয়েছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছে তামিলনাড়ু, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গোয়া, পুদুচেরি, আন্দামান-নিকোবর এবং লক্ষদ্বীপ। বিহারের পর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ এই ৯টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কার্যকর করা হয়।
আরও পড়ুন:
এসব রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে তামিলনাড়ুতে।
সেখানে এসআইআর শুরুর আগে মোট ভোটার ছিলেন প্রায় ৬ কোটি ৪১ লক্ষ। সংশোধনের পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৬৭ লক্ষে। অর্থাৎ ওই রাজ্যে প্রায় ৯৭ লক্ষ ৩৭ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গের মতো কেরলেও সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে এই সংশোধন প্রক্রিয়ায় প্রায় ৮ লক্ষ ৯৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। আগে কেরলে ভোটার ছিলেন প্রায় ২ কোটি ৭৮ লক্ষ, বর্তমানে তা কমে হয়েছে প্রায় ২ কোটি ৬৯ লক্ষ। গুজরাতেও বড়সড় পরিবর্তন দেখা গেছে ভোটার তালিকায়। এসআইআর প্রক্রিয়ায় সেখানে মোট ৭৭ লক্ষ ৯৫ হাজার নাম বাদ পড়েছে। খসড়া তালিকাতেই প্রায় ৭৪ লক্ষ নাম বাদ গিয়েছিল, পরে চূড়ান্ত তালিকায় আরও প্রায় ৩ লক্ষ ৯৫ হাজার নাম বাদ যায়। সংশোধনের আগে গুজরাতে মোট ভোটার ছিলেন প্রায় ৫ কোটি ৮ লক্ষ, এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৪০ লক্ষে।আরও পড়ুন:
রাজস্থানে প্রায় ৩১ লক্ষ ৩৬ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। আগে সেখানে ভোটার ছিলেন প্রায় ৫ কোটি ৪৬ লক্ষ, বর্তমানে নতুন তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ১৫ লক্ষে। ছত্তীসগঢ়েও ভোটার সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। এসআইআর শুরুর আগে সেখানে ভোটার ছিলেন প্রায় ২ কোটি ১২ লক্ষ, এখন তা কমে হয়েছে প্রায় ১ কোটি ৮৭ লক্ষ। অর্থাৎ প্রায় ২৪ লক্ষ ৯৯ হাজার নাম বাদ পড়েছে। ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও কিছু পরিবর্তন হয়েছে।
গোয়ায় আগে ভোটার ছিলেন প্রায় ১১ লক্ষ ৮৫ হাজার, সংশোধনের পর তালিকায় রয়েছে প্রায় ১০ লক্ষ ৫৭ হাজার নাম। পুদুচেরিতে প্রায় ১ লক্ষ ৩ হাজার ভোটারের নাম বাদ গিয়ে বর্তমান ভোটার সংখ্যা হয়েছে প্রায় ৯ লক্ষ ৪৪ হাজার।আরও পড়ুন:
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় ৫২ হাজার নাম বাদ পড়েছে। সেখানে আগে ভোটার ছিলেন প্রায় ৩ লক্ষ ১০ হাজার, এখন তা কমে হয়েছে প্রায় ২ লক্ষ ৫৮ হাজার। লক্ষদ্বীপে পরিবর্তন তুলনামূলকভাবে কম। সেখানে এসআইআর শুরুর আগে ভোটার ছিলেন ৫৭ হাজার ৮১৩ জন, সংশোধনের পর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ৫৭ হাজার ৬০৭ জনের। এই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। খসড়া তালিকাতেই সেখানে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের পর সেই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।