যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দীর্ঘ আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি রবিবারই স্বাক্ষরিত হতে পারে। তবে ট্রাম্পের এই বক্তব্য সরাসরি নাকচ করেছে ইরানের আইআরজিসি।

শনিবার ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের জন্য নির্ধারিত রয়েছে এবং তা কার্যকর হলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও পুরোপুরি উন্মুক্ত হতে পারে।

তাঁর দাবি, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর ক্ষেত্রে এই সমঝোতা বড় ভূমিকা নেবে।
যদিও তেহরান জানিয়েছে, আলোচনা অগ্রসর হলেও এখনও কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। মার্কিন প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরিত হলেও তা কার্যকর করার রূপরেখা ঠিক করতে আরও ৬০ দিনের নতুন আলোচনা শুরু হবে।

এদিকে আইআরজিসি এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

তাদের দাবি, ইরানের আলোচকরা স্পষ্ট করে দিয়েছেন যে সমঝোতা স্মারকের ভাষা এখনও চূড়ান্ত হয়নি এবং রবিবার স্বাক্ষরের কোনও সম্ভাবনাই নেই। আইআরজিসির মতে, ট্রাম্পের এই ঘোষণা আসলে ইরানের আলোচক দলের অবস্থান যাচাইয়ের একটি প্রচেষ্টা।

টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আইআরজিসি আরও দাবি করেছে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি প্রতীকী গুরুত্ব দিতেই ওই দিনটিকে সামনে আনছেন। কিছু বিশ্লেষকের মতে, ব্যক্তিগত প্রচার এবং রাজনৈতিক বার্তা দিতেই ট্রাম্প এই তারিখকে বিশেষভাবে তুলে ধরছেন।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেলেও সম্ভাব্য চুক্তির শর্ত এবং সময়সূচি নিয়ে এখনও দুই পক্ষের মধ্যে স্পষ্ট মতপার্থক্য রয়ে গিয়েছে। ফলে শান্তিচুক্তি নিয়ে আশাবাদ তৈরি হলেও, তার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।