ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলা জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বৈঠকের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদি জানান, জি-৭ সম্মেলনে ভারত শুধু নিজের স্বার্থের কথাই বলবে না, একই সঙ্গে ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল দেশগুলোর আশা-আকাঙ্ক্ষা ও উদ্বেগের বিষয়গুলোও তুলে ধরবে।
আগামী ১৬ ও ১৭ জুন ফ্রান্সের ইভিয়ানে অনুষ্ঠিত হবে জি-৭ শীর্ষ সম্মেলন। তার আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে ‘ইন্ডিয়া ইনোভেটস’ কর্মসূচির উদ্বোধন করবেন মোদি। এরপর তিনি দুদিনের সফরে স্লোভাকিয়ায় যাবেন। সেখানে প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্তো ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সফর ভারতের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বিশেষ করে স্লোভাকিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। প্রেসিডেন্ট পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠকের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানান।
আরও পড়ুন:
এদিকে, জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে বাড়ছে জল্পনা। বাণিজ্য, কৌশলগত সহযোগিতা এবং আন্তর্জাতিক নিরাপত্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।