পুবের কলম ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিরাট কর্মযজ্ঞের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ২১ জুন রেড রোডে মূল অনুষ্ঠানের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে পালিত হবে সপ্তাহব্যাপী এই বিশেষ যোগ দিবস। প্রশাসনিক সূত্রে খবর, এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

উৎসবের অংশ হিসেবে ১৪ জুন পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই যোগভ্যাসের বিশেষ আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১৮০০ ৩১৫ ৭০০৮ টোল ফ্রি নম্বরে ফোন করলে হোয়াটসঅ্যাপে একটি বিশেষ ভিডিয়ো লিঙ্ক পাওয়া যাবে।

সকাল ৬টা ১৫ মিনিটে লিঙ্কটি ওপেন হবে এবং ৪০ মিনিটের সেই ভিডিয়ো দেখে পরিবারের সদস্যরা একত্রে যোগ অভ্যাস করতে পারবেন। রাজ্যজুড়ে প্রায় ৪ কোটি মানুষ এই ভার্চুয়াল যোগাসনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এরপর ১৯ জুন দৌড় সে ধ্যান তক স্লোগান নিয়ে পালিত হবে রান ফর যোগা। রাজ্যের বিভিন্ন পাড়ায় স্থানীয় ক্লাব ও সংস্থাগুলির উদ্যোগে ২ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়েছে। দৌড় শেষে নির্ধারিত স্থানে সবাই মিলিত হয়ে ১৫ মিনিটের যোগ ধ্যানে অংশ নেবেন।

২০ জুন গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হবে যোগ কার্নিভাল। ৫০০-র বেশি নৌকার উপরে যোগাসন করা হবে, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মিলেনিয়াম পার্ক, বেলুড়, দক্ষিণেশ্বর ও বাবুঘাটের মতো গঙ্গার তীরবর্তী এলাকাগুলিতে ড্রোন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উৎসবের মূল আকর্ষণ ২১ জুন রেড রোডের অনুষ্ঠান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রথমবারের জন্য শহরে আসছেন প্রধানমন্ত্রী।

ওইদিন ভোর ৫টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে। সকাল ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত প্র্যাকটিস চলার পর, ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত প্রধানমন্ত্রীর ভাষণ রয়েছে। এরপর ৭টা থেকে আয়ুষ মন্ত্রকের নির্দেশিকা মেনে ৪৫ মিনিট ধরে চলবে মূল যোগাভ্যাস যেখানে প্রধানমন্ত্রী নিজেও অংশ নেবেন। রেড রোডের এই যোগাভ্যাসে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেবেন বলে খবর। এছাড়া রাজ্যজুড়ে অন্যান্য প্রান্তেও যথাযথ মর্যাদায় পালিত হবে এই বিশেষ দিনটি।