আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে কলকাতায় শুরু হল তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। শুক্রবার সকালে ‘রান ফর যোগা’ শীর্ষক ম্যারাথনে অংশ নিয়ে সুস্থ জীবনযাপন ও স্বচ্ছতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্যের একাধিক মন্ত্রী এবং ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
আরও পড়ুন:
কলকাতা পুরসভার সামনে থেকে এদিনের কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে ছ’টা নাগাদ শুরু হওয়া এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল কলকাতার ১১টি জায়গা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে।
পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত দৌড়ে অংশ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-সহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা।ম্যারাথনের পর মহাকরণের সামনে আয়োজিত যোগাসন কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানে বহু মানুষ যোগাভ্যাসে সামিল হয়ে সুস্থ ও সচেতন জীবনের বার্তা তুলে ধরেন।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বছর রাজ্যে বিশেষ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবারই তিনদিনের কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যোগ শুধু শরীরচর্চা নয়, সুস্থ ও সুশৃঙ্খল জীবনের অন্যতম ভিত্তি।
আরও পড়ুন:
সরকার গঠনের পর থেকেই স্বচ্ছতা ও পরিবেশ রক্ষার ওপর বিশেষ জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি নিজ হাতে গঙ্গার ঘাট পরিষ্কার করে স্বচ্ছতার বার্তা দিয়েছিলেন। এদিনও ‘রান ফর যোগা’-র মাধ্যমে শহর পরিষ্কার ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
রাস্তার ওপর আলপনার মাধ্যমে নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।আরও পড়ুন:
আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে গঙ্গাবক্ষে ‘বন্দে যোগম’ নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে অভিনব পরিবেশনার পাশাপাশি কলকাতার আকাশ আলোকিত করবে তিন হাজার ড্রোন।
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে রেড রোডে। সকাল ৬টা ১৫ মিনিট থেকে জমায়েত শুরু হবে এবং কিছুক্ষণ পর শুরু হবে মূল যোগাভ্যাস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “স্বচ্ছ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কলকাতার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাই। তাই সবাই নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।”