তৃণমূল ছেড়ে অন্য রাজনৈতিক শিবিরে আশ্রয় নেওয়া নেতাদের কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। দলবদলু নেতাদের ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেছেন, বাংলার মানুষ এ ধরনের রাজনীতিকে আর বিশ্বাস করে না।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের একাংশের অবস্থান পরিবর্তন এবং বিভিন্ন রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অগ্নিমিত্রা। 

তিনি বলেন, “খারাপ তো লাগবেই। কিন্তু বাংলার মানুষ ওঁদের আর বিশ্বাস করে না।

সুবিধাবাদী রাজনীতিকে মানুষ গ্রহণ করে না।”
এক সাক্ষাৎকারে নাম না করেই কয়েকজন প্রাক্তন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। অতীতের একটি টেলিভিশন বিতর্কসভায় নিজের প্রতি করা মন্তব্যের প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রা বলেন, সেদিন গোটা বাংলা দেখেছিল কীভাবে একজন মহিলা আর এক মহিলাকে প্রকাশ্যে অপমান করেছিলেন। এখন সেই ব্যক্তিই তাঁর ‘ভক্ত’ বলে দাবি করছেন বলে মন্তব্য করেন তিনি।

আসানসোল দক্ষিণ কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ের প্রসঙ্গও তুলে আনেন পুরমন্ত্রী।

তাঁর অভিযোগ, রাজনৈতিক অবস্থান বদলের সঙ্গে সঙ্গে কিছু নেতার বক্তব্য ও অবস্থানও বদলে গিয়েছে। অগ্নিমিত্রার কথায়, “ওঁরা বরং নিজেদের পুরনো দলেই থাকলে ভালো করতেন। সুবিধাবাদীর মতো বারবার অবস্থান বদল করলে মানুষ তা মেনে নেয় না।”
তবে ব্যক্তিগত ক্ষোভ থাকলেও দলের সিদ্ধান্তই তাঁর কাছে সর্বোচ্চ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপি নেত্রী। তিনি বলেন, “আমার কাছে দলই শেষ কথা। দলের শীর্ষ নেতৃত্ব যে নির্দেশ দেবে, সেটাই মেনে চলব।”