যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়ে যাওয়ায় সুইজারল্যান্ডে নির্ধারিত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি উর্দু।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক পদ্ধতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই চুক্তিটি কার্যকর হয়েছে।


চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুই দেশের প্রেসিডেন্ট ইতোমধ্যেই ডিজিটাল মাধ্যমে চুক্তিতে সই করেছেন। ফলে জেনেভায় পৃথক আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আর প্রয়োজন নেই। পরে তিনি তাঁর পোস্ট থেকে অনুষ্ঠান-সংক্রান্ত অংশটি সরিয়ে দিলে বিষয়টি নিয়ে কিছুটা জল্পনা তৈরি হলেও, পরবর্তীতে তা স্পষ্ট হয়।

এদিকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বাক্ষর অনুষ্ঠান বাতিল হলেও শুক্রবার দেশটির বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
মূলত সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন প্রক্রিয়া, পরবর্তী পদক্ষেপ এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা করতেই দুই পক্ষ এই বৈঠকে বসছে।