পুবের কলম ওয়েব ডেস্ক: ফলতা থানায় পুলিশি হেফাজতে থাকা ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানকে সামাজিক হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর ঘটনায় জোরদার হয়েছে পুলিশি অভিযান। বুধবার গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে আরও ৮ জনকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। এর ফলে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদের কাজে বাধা, সাম্প্রদায়িক উসকানি, অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়।
এ দিকে, জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে থানায় হামলা ও তাকে ছাড়িয়ে নেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধেও অস্ত্র আইন ও বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে তিনি পলাতক এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, হামলাটি ছিল পূর্ব ™রিকল্পিত। মঙ্গলবার জাহাঙ্গীর খানের বাড়ির সামনে থেকে একটি বড় মিছিল ফলতা থানার দিকে এগিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভকারীদের বাধা দেওয়া হলে উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
এই বিষয়ে ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলোক কুমার হালদার জানান, ঘটনায় মোট ১৬ জন গ্রেফতার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, জাহাঙ্গীর একাংশের অনুগামীদের দাবি, কোথাও কোনও হামলা করা হয়নি। বিক্ষোভকারীদের কারও কাছে কোনও ঘাতক জিনিস ছিল না। তাও নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে।