স্বচ্ছতা অভিযানে সরাসরি অংশ নিয়ে বুধবার সকালে বাগবাজারের মায়ের ঘাটে ঝাঁটা হাতে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। গঙ্গার ঘাট পরিষ্কার করার পাশাপাশি বৃক্ষরোপণ ও মন্দিরে পুজো দিয়ে ‘স্বচ্ছ বাংলা’ গড়ার বার্তা দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায়-সহ প্রশাসনের একাধিক প্রতিনিধি।

রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া ‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচির অংশ হিসেবেই এদিন গঙ্গা পরিষ্কার অভিযানের আয়োজন করা হয়। পাঁচ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাট, মন্দির, বাজার এলাকা এবং নাখোদা মসজিদ সংলগ্ন এলাকাতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরকে সামনে রেখে শহরকে আরও পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কাছে একটি পরিচ্ছন্ন ও সুন্দর কলকাতা তুলে ধরাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।

বুধবার সকালে বাগবাজার ঘাটে পৌঁছে প্রথমে ঘাট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। এরপর ঝাঁটা হাতে নিজেই সাফাই অভিযানে নেমে পড়েন। তাঁর সঙ্গে একইভাবে ঘাট পরিষ্কারের কাজে অংশ নেন তাপস রায়ও।

পরে মায়ের ঘাটের মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী।

সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীকে আমরা একটি সুন্দর ও স্বচ্ছ বাংলা উপহার দিতে চাই।”

উল্লেখ্য, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজন করা হয়েছে বিশেষ কর্মসূচির। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।