পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট মিটতে না মিটতেই বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পক্ষপাতিত্বের অভিযোগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার অফিসার ইন চার্জ (OC) সন্দীপ সরকারকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সকালেই রাজ্য সরকারকে এই কড়া নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলার সঙ্গে প্রথম দফায় ভোট হয়েছে হিঙ্গলগঞ্জেও।
ভোট চলাকালীন এবং তার আগে থেকেই ওসি সন্দীপ সরকারের বিরুদ্ধে কমিশনের কাছে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল। কমিশনের সচিব সুজিতকুমার মিশ্রের পাঠানো চিঠিতে সন্দীপ সরকারের বিরুদ্ধে মূলত তিনটি গুরুতর অভিযোগ তোলা হয়েছে। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ। স্থানীয় অসাধু চক্রের সঙ্গে গোপন যোগাযোগ রাখার অভিযোগ। নির্বাচনী ময়দানে সব রাজনৈতিক দলকে প্রচার বা কাজের ক্ষেত্রে সমান সুযোগ না দেওয়া।আরও পড়ুন:
কমিশন স্পষ্ট জানিয়েছে, সন্দীপ সরকারকে অবিলম্বে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। শুক্রবার বেলা ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে তার রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিবকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সন্দীপ সরকারকে সরিয়ে দেওয়ার পর হিঙ্গলগঞ্জ থানার দায়িত্ব কে নেবেন, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। কমিশন এই পদে কোনও নির্দিষ্ট নাম সুপারিশ না করলেও, রাজ্য সরকারকে দ্রুত একজন যোগ্য অফিসারকে সেখানে নিয়োগ করার নির্দেশ দিয়েছে। বিরোধীদের দাবি, পুলিশের একাংশের পক্ষপাতিত্ব রুখতে এই পদক্ষেপ জরুরি ছিল।