পুবের কলম, ওয়েবডেস্ক: অসমে বিধানসভা ভোটের আবহ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের হয়েছে ন্যাশনাল কমিশন ফর উইমেন এ। এই অভিযোগ করেছেন সুজাতা গুরুং চৌধুরী, যিনি গুয়াহাটি সেন্ট্রাল কেন্দ্রের প্রার্থী কুংকি চৌধুরীর মা।
সুজাতা চৌধুরীর দাবি, তিনি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন, তবুও শুধুমাত্র তাঁর মেয়ের প্রার্থী হওয়ার কারণে তাঁকে জনসমক্ষে টেনে আনা হয়েছে।
তিনি এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাঁর মতে, এসব মন্তব্যের উদ্দেশ্য শুধু তাঁর ব্যক্তিগত সম্মানহানি নয়, তাঁর মেয়ের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। অভিযোগে আরও বলা হয়েছে, এই ঘটনার পর তাঁর ব্যক্তিগত ছবি ও পরিবারের সদস্যদের ছবিও অনুমতি ছাড়াই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাঁকে লক্ষ্য করে কটূক্তি, ট্রোলিং এবং বিকৃত ছবিও ছড়ানোর অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রে সম্প্রতি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৪ মে ফল ঘোষণা হওয়ার কথা। তার আগেই এই অভিযোগ ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।