পুবের কলম, মগরাহাট: রাজ্যে এসআইআর (SIR) আতঙ্কে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের এক বাসিন্দার। ভোটার তালিকায় নিজের এবং ছেলের নাম না থাকায় দুশ্চিন্তায় ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হল ৪৬ বছর বয়সী মাহমুদ গাজির। এই ঘটনাকে কেন্দ্র করে মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
 
পরিবার সূত্রে জানা গিয়েছে, মগরাহাটের ১৫৮ নম্বর বুথের ভোটার ছিলেন মাহমুদ গাজি। এসআইআর প্রক্রিয়ায় তাঁর এবং তাঁর ছেলের নাম তালিকা থেকে বাদ পড়ে যায়।

এরপর নাম ফেরানোর আশায় নির্বাচন কমিশনের শুনানিতেও হাজিরা দিয়েছিলেন তিনি। জমা দিয়েছিলেন সমস্ত প্রয়োজনীয় নথিপত্র। দীর্ঘ প্রতীক্ষার পর শেষ সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশিত হলে দেখা যায়, সেখানেও তাঁদের নাম ওঠেনি।
 
বারবার বিভিন্ন দপ্তরে ঘুরেও সুরাহা না মেলায় চরম মানসিক অবসাদে ভুগছিলেন মাহমুদ। পরিবারের অভিযোগ, ভোটার অধিকার হারানোর দুশ্চিন্তা থেকেই বৃহস্পতিবার হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
 
মাহমুদ গাজির মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনকেই দায়ী করছে তাঁর পরিবার ও প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, সমস্ত বৈধ কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন নাম বাদ গেল, তার সদুত্তর নেই প্রশাসনের কাছে। ট্রাইবুনাল বা সংশোধনের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল ধোঁয়াশা তৈরি হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা প্রশাসনের নজরদারি এড়িয়ে যাচ্ছে।