পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর প্রক্রিয়ার জেরে নাম বাদ পড়েছিল মালদহের রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম-এর। তবে শেষ পর্যন্ত ট্রাইবুনালের হস্তক্ষেপে মিলল বড় স্বস্তি। অবসরপ্রাপ্ত বিচারপতি টি এস শিবাজ্ঞনম-এর নেতৃত্বাধীন ট্রাইবুনাল তাঁর নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। জানা যায়, বাবা-মায়ের সঙ্গে বয়সের ফারাক ৫০ বছরের বেশি হওয়ায় ‘মিস-লিঙ্কিং’-এর যুক্তিতে তাঁর নাম বাদ দেওয়া হয়েছিল।

শুধু চূড়ান্ত তালিকা থেকেই নয়, সাপ্লিমেন্টারি তালিকাতেও তাঁর নাম রাখা হয়নি। অথচ এর মধ্যেই কংগ্রেস তাঁকে রতুয়া কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করে।
 
এই পরিস্থিতিতে বিষয়টি সুপ্রিম কোর্ট-এর নজরে আনা হয়। প্রার্থীর আইনজীবী জানান, মনোনয়ন জমার শেষ সময় বিকেল তিনটে, তাই দ্রুত সিদ্ধান্ত জরুরি।
এর পরই শীর্ষ আদালত ট্রাইবুনালকে নির্দেশ দেয়, দুপুর ১২টার মধ্যে আবেদন নিষ্পত্তি করতে হবে। সেই নির্দেশ মেনে দ্রুত শুনানি করে ট্রাইবুনাল। সমস্ত নথি খতিয়ে দেখে জানানো হয়, কেবলমাত্র বাবা-মায়ের সঙ্গে বয়সের ব্যবধান বেশি হওয়ার কারণে কোনও ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যুক্তিযুক্ত নয়।
 
ফলে ট্রাইবুনাল স্পষ্ট নির্দেশ দেয়, নির্দিষ্ট সময়ের মধ্যে মোত্তাকিন আলমের নাম সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই রায়ের ফলে মনোনয়ন জমা দেওয়ার পথে বড় বাধা কাটল রতুয়ার কংগ্রেস প্রার্থীর। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ নজির হয়ে থাকল।