পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের ভোটের আগে বড়সড় চমক। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে মোট ৯০ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে বলে জানাল নির্বাচন কমিশন। সম্প্রতি প্রকাশিত দ্বাদশ তথা শেষ সম্পূরক তালিকাতেই উঠে এসেছে এই তথ্য, যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।
 
কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘বিচারাধীন’ তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষের বেশি নাম খতিয়ে দেখা হয়েছিল। তার মধ্যে প্রায় ৩২ লক্ষ ৬৮ হাজার নাম বৈধ হিসেবে পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার নাম অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে বাদ পড়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় প্রায় ৬৩ লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছিল। সব মিলিয়ে মোট বাদ পড়া নামের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫।
 
কমিশনের দাবি, মোট বিচারাধীন মামলার প্রায় ৯৯.৬ শতাংশ ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। এখনও প্রায় ২২ হাজারের কিছু বেশি নামের বিষয়ে সিদ্ধান্ত বাকি, যা দ্রুত আপডেট করা হবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে— প্রায় ৪.৫৫ লক্ষ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (প্রায় ৩.২৫ লক্ষ), তৃতীয় স্থানে মালদা (প্রায় ২.৩৯ লক্ষ)। এছাড়াও নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, হুগলি ও বীরভূমেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে।
 

কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রতিটি নাম নির্দিষ্ট প্রক্রিয়া মেনে খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রথম দফার ভোটের জন্য ভোটার তালিকা নির্দিষ্ট সময়ের পর স্থির করে দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের তালিকাও শীঘ্রই স্থির করা হবে।