পুবের কলম, কলকাতা: বাংলার নির্বাচন প্রক্রিয়ার মাঝেই ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের নাম অবৈধভাবে বাংলার তালিকায় নথিভুক্ত করতে ‘বস্তা ভর্তি’ ফর্ম ৬ জমা দেওয়া হচ্ছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
সোমবার বিকেলে কলকাতার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়ে মনোজ আগরওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমকে জানান, গত ৬-৭ ঘণ্টায় প্রায় ৩০ হাজার ফর্ম ৬ অবৈধভাবে জমা পড়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতা অমিত মালব্যের নির্দেশেই এই পুরো প্রক্রিয়াটি চলছে। তাঁর দাবি, দিল্লি, মুম্বই এবং হরিয়ানাতেও একই কায়দায় ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। তিনি তোপ দেগে বলেন, "নির্বাচন কমিশন এবং অমিত শাহ মিলে বাংলার জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করছেন। বিজেপি নিজেদের ভোট সুরক্ষিত করতেই ভিনরাজ্যের ভোটারদের এখানে ঢোকাচ্ছে।"
আগামীকালই সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। অভিষেক জানিয়েছেন, এই ‘ফর্ম ৬’ কেলেঙ্কারির বিষয়টি তাঁরা সর্বোচ্চ আদালতের নজরে আনবেন। পাশাপাশি, দলীয় নেতা-কর্মীদের কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন, যতদিন ফর্ম ৬ জমা দেওয়ার কাজ চলবে, ততদিন প্রতিটি নির্বাচন দপ্তরে যেন তীক্ষ্ণ নজরদারি চালানো হয়।