পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক পারদ তুঙ্গে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা এসআইআর প্রক্রিয়া এবং কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের 'এক্স' হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেছেন, নরেন্দ্র মোদি বা অমিত শাহ নন, বাংলায় বিজেপির আসল শক্তি হলো নির্বাচন কমিশন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কমিশনকে বিঁধেছেন। তিনি লিখেছেন, “আপনি যদি ভাবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ বিজেপির ট্রাম্প কার্ড, তাহলে ভুল করছেন।

বিজেপির আসল ট্রাম্প কার্ড হলো নির্বাচন কমিশন। যারা মেঘের আড়াল থেকে বিজেপির হয়ে লড়ে যাচ্ছে।” তাঁর অভিযোগ, কমিশন স্বাধীনভাবে কাজ না করে বিজেপির নির্দেশমতো ‘অনুগত ভৃত্যের’ মতো কাজ করছে।

বাংলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, পহেলগাঁও, দিল্লি, মণিপুর বা নয়ডার মতো স্পর্শকাতর জায়গায় যেখানে বাহিনীর প্রয়োজন বেশি, সেখানে ১০০ কোম্পানি বাহিনীকে বাংলায় পাঠানো হয়েছে।

এই বাহিনীকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের নেতা-কর্মীদের ওপর নজরদারি চালানোর জন্য। এমনকি তাঁর নিজের পরিবারের ওপরও কমিশন বিশেষ নজর রাখছে বলে দাবি করেছেন অভিষেক।

এদিন শুধুমাত্র আক্রমণেই থেমে থাকেননি অভিষেক, দিয়েছেন কড়া হুঁশিয়ারি। তাঁর নিশানায় ছিলেন ‘গুজরাটের বাবু’রা এবং কেন্দ্রীয় সংস্থার কর্তারা। অভিষেক লেখেন, “যাকেই টার্গেট করো না কেন, মনে রাখতে হবে আপনারা ঠিক আগামী ১৯ দিন বাংলায় রয়েছেন। গুজরাটের বাবুরা যারা আমাদের দলীয় কর্মীদের ঘরে থাকার হুঁশিয়ারি দিয়েছেন, ভোটের ফলাফল প্রকাশের পর তাঁদের আর ৩০ মিনিটও বাংলায় দেখা যাবে না।”