পুবের কলম, ময়নাগুড়ি: ভোটার তালিকায় নাম না থাকায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে বাঘেরডাঙা এলাকার একটি আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, অনেকের নাম নতুন তালিকায় না থাকায় ক্ষুব্ধ হয়ে তাঁরা দায়িত্বে থাকা বিএলওকে ঘিরে ধরেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ওই কেন্দ্রে দায়িত্বে ছিলেন জয়শ্রী অধিকারী রায় নামে এক ভোটকর্মী। তাঁকে কিছু সময়ের জন্য আইসিডিএস কেন্দ্রের ভিতরে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে।

পরে অবশ্য প্রায় আধঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলে তাঁকে ঘেরাও থেকে মুক্ত করা হয়।
 
এদিকে শুধু কেন্দ্রেই নয়, রাস্তাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ময়নাগুড়ি কলেজের কাছে জাতীয় সড়কে এবং ময়নাগুড়ি থেকে ধূপগুড়িগামী মহাসড়কের টোল প্লাজার সামনে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে সমস্যা তৈরি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অনেককে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল।
তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও সম্পূরক তালিকায় তাঁদের নাম ওঠেনি। ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়েছে বলেই তাঁদের দাবি। এই ঘটনার প্রতিবাদে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়। কিছু বিক্ষোভকারী হুঁশিয়ারি দেন, সবার নাম তালিকায় না থাকলে সেখানে ভোট হতে দেওয়া হবে না। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট আধিকারিকেরা এলাকায় পৌঁছন।
তাঁরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মী জানান, নিয়ম মেনেই তিনি তাঁর কাজ করেছেন। কার নাম তালিকায় থাকবে বা বাদ পড়বে, সেই সিদ্ধান্ত তাঁর হাতে থাকে না। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ক্ষোভ পুরোপুরি কমেনি। স্থানীয় বাসিন্দারা আইসিডিএস কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে দেন এবং জানান, সমস্যার সমাধান না হলে সেই কেন্দ্র খুলতে দেওয়া হবে না।