পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের আদিবাসী বা জনজাতি সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং জনসংখ্যাগত ভারসাম্য পরিবর্তনের আশঙ্কাকে কেন্দ্র করে বড়সড় পদক্ষেপ নিল অরুণাচল প্রদেশ সরকার। ইটানগর রাজধানী অঞ্চলের অন্তর্গত মোট ১৫টি অনুমোদনহীন মসজিদ সিল করে দিয়েছে প্রশাসন। রাজ্যের আদিবাসী সংগঠনগুলির তীব্র আন্দোলন এবং চাপের মুখে পড়েই মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সরকার এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
আরও পড়ুন:
মূলত 'অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন' নামের একটি আদিবাসী যুব সংগঠন দীর্ঘদিন ধরে রাজ্যে অবৈধ জমি দখল এবং অনুমোদনহীন ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল।
এই দাবিতে তারা রাজধানী অঞ্চলে ২৪ ঘণ্টার একটি 'বন্ধ' বা ধর্মঘটও পালন করে এবং দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয়।আরও পড়ুন:
গত বৃহস্পতিবার রাজ্য সরকারের মুখপাত্র তথা শিক্ষামন্ত্রী পি. ডি. সোনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশাসনিক অভিযান নিয়ে জানান, চলতি বছরের জানুয়ারি মাসে এপিআইওয়াইও-এর প্রতিনিধিদের সাথে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই প্রথম বিষয়টি সরকারের নজরে আনা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসন রাজধানী চত্বরে একটি সরকারি সমীক্ষা চালায়।
সেই সমীক্ষাতেই সরকারি অনুমতি ছাড়া বা বেআইনিভাবে গড়ে ওঠা ১৫টি মসজিদ কাঠামোকে চিহ্নিত করা হয়।আরও পড়ুন:
জেলা প্রশাসন সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রথমে চিহ্নিত ১৫টি কাঠামোর মধ্যে ১২টি সিল করে এবং খালি করে দেয়। অবশিষ্ট তিনটি বিতর্কিত কাঠামো নিয়ে গত ১ জুন মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের মধ্যে পুনরায় বৈঠক হয়। এরপর বাকি তিনটি সাইটের বিরুদ্ধেও চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষামন্ত্রী পি. ডি. সোনা স্পষ্ট করে বলেছেন, "যেসব উদ্বেগ বা দাবির কারণে আদিবাসী সংগঠনগুলি বন্ধের ডাক দিয়েছিল, তা ইতিমধ্যেই আইনি ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ সমাধান করা হয়েছে।"