পুবের কলম প্রতিবেদক, কলকাতা: পরিবেশ সংরক্ষণ এবং সবুজ ভবিষ্যতের অঙ্গীকারকে সামনে রেখে কলকাতার মেটিয়াবুরুজে এক প্রশংসনীয় উদ্যোগ নিল সিআইএসএফ ইউনিট জিআরএসইএল কলকাতা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ মেটিয়াবুরুজের ‘লিটল স্টেপস স্কুল’-এর ছাত্রছাত্রীদের সাথে যৌথভাবে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এই ইউনিট। তরুণ প্রজন্মের মনে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজ, সুস্থ ও টেকসই পরিবেশ গড়ে তোলার যৌথ লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
এদিনের কর্মসূচিতে স্কুলের খুদে পড়ুয়ারা অত্যন্ত উৎসাহের সাথে সিআইএসএফ জওয়ানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। স্কুলের ভেতরে এবং চারপাশের চত্বরে প্রায় ৯০টি আম ও মহুয়া গাছের চারা রোপণ করা হয়।
গাছের চারাগুলি রোপণের পাশাপাশি সেগুলি যাতে সঠিকভাবে বড় হয়ে উঠতে পারে, তার পরিচর্যার দায়িত্বও ভাগ করে নেওয়া হয়। অনুষ্ঠানে লিটল স্টেপস স্কুলের শীর্ষ পরিচালনা কমিটির আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় কুমার সিনহা, শ্রী ট্র্যাফটন মার্ক অ্যান্থনি, শ্রী জি সনি সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এছাড়াও সিআইএসএফ ইউনিট জিআরএসইএল কলকাতার উচ্চপদস্থ আধিকারিক ও জওয়ানরা এই কর্মসূচিতে শামিল হন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশের যত্ন নেওয়ার গুরুত্বের কথা প্রতিটি বক্তার বক্তব্যে উঠে আসে।আরও পড়ুন:
যৌথ এই বৃক্ষরোপণ অভিযান কেবল চারা রোপণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সিআইএসএফ এবং স্কুল কর্তৃপক্ষের এই যৌথ প্রচেষ্টা তরুণ প্রজন্মকে প্রকৃতির সুরক্ষায় সক্রিয়ভাবে অংশ নিতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।