পুবের কলম ওয়েব ডেস্কঃ ভালো আম দেওয়ার নাম করে এক কিশোরীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের আসানসোলের আসানসোলের শীতলপুর সিআইএসএফ ক্যাম্পের। ঘটনাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইতিমধ্যেই অভিযুক্ত জওয়ানকে গ্রেফতারের পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, বছর দশেকের ওই কিশোরী রবিবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে আমবাগানে গিয়েছিল। ওই আম বাগান সিআইএসএফ ক্যাম্পে অবস্থিত। সেখানে ওই সিআইএসএফ জওয়ান মেয়েটিকে নিজের কাছে ডাকেন এবং ভালো আম দেওয়ার প্রলোভন দেন। এরপর মেয়েটিকে একটি ঘরে ডেকে নিয়ে যায় সিআইএসএফ জওয়ান।

সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি কাউকে এবিষয়ে কিছু না বলার জন্য তাকে হুমকিও দেন ওই জওয়ান। শেষে কোনোভাবে সেখান থেকে বাড়ি ফেরে কিশোরী। এরপর বাড়ি ফিরে সে সমস্ত কোথা বাবা মাকে জানায়।
ঘটনায় সঙ্গেসঙ্গে মেয়েটির বাবা কুলটি থানায় অভিযোগ জানান। 

এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ জনতা রবিবার রাতে থানার সামানে অভিযুক্তকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। পড়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, এই ঘটনার পরেই অভিযুক্ত জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৩৭(২) ও ৩৫১ (২) ধারার পাশাপাশি পকসো আইনের ৮ এবং ১০ ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া, সিআইএসএফের পক্ষ থেকে বিভাগীয় তদন্ত শুরু করা হয় অভিযুক্তের বিরুদ্ধে।