পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার ঘটনাটি ঘটেছে বরেলি জেলায়। অভিযোগ, একটি ক্যাফে-রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ১৬ বছরের এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
তদন্তকারী সূত্রে খবর, চলতি মাসের শুরুতে বরেলির ভোজিপুরা এলাকায় একটি ক্যাফে-রেস্তোরাঁর ঘরে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে সাতজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেস্তোরাঁটির মালিক বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে অশালীন মন্তব্য করছিলেন এবং তাকে প্রেমের প্রস্তাবও দেন। কিন্তু ছাত্রীটি তাতে সাড়া না দেওয়ায় ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীটিকে জোর করে ওই রেস্তোরাঁর একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে রেস্তোরাঁর মালিক এবং তার আরও ছয় সহযোগী মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার ছবি ও ভিডিও তুলে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে। পরে সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীটিকে চুপ করে থাকার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।আরও পড়ুন:
গুরুতর শারীরিক ও মানসিক আঘাত নিয়ে বাড়িতে ফিরে ছাত্রীটি পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়। এরপর দু’দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে জানা গিয়েছে, রেস্তোরাঁর মালিক সইফি ওরফে সমীর আহমেদ এবং অন্য এক অভিযুক্তের নাম আসাদ হায়দার। এদের সহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।আরও পড়ুন:
উল্লেখ্য, কয়েক দিন আগেই বালিয়ায় এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযোগ ওঠে, ওই কিশোরীকে একটি হোটেলে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই গ্রামের ৫ যুবক তাঁকে গণধর্ষণ করে। অর্থাৎ যোগীরাজ্যে এরকম একের পর এই ধরনের ঘটনায় ঘটেই চলেছে। ফলে প্রশ্ন উঠেছে বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে।