পুবের কলম ওয়েব ডেস্ক: অবশেষে ককরোচ জনতা পার্টির বা সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিজেপি-র দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। সোশ্যাল মিডিয়ায় সৌরভ জানান, প্রায় দু'ঘণ্টা অপেক্ষার পর মাত্র ১০ মিনিটের জন্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কথা বলার সুযোগ হয়। সেখানে তাঁরা নিজেদের দাবিদাওয়া সম্পর্কিত একটি চিঠি মন্ত্রীর হাতে তুলে দেন।
আরও পড়ুন:
তাঁদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, সমাজকর্মী সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, নিট দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং যে সমস্ত নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। জে পি নাড্ডা তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং এই প্রক্রিয়ার জন্য তিনি কিছুটা সময় চেয়েছেন।
আরও পড়ুন:
নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। এই একই দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন ৫৯ বছর বয়সি সমাজকর্মী সোনম ওয়াংচুক।
টানা ২১ দিন অনশনের পর পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে। সোমবার হাসপাতাল থেকেই তিনটি শর্তের কথা জানিয়েছেন তিনি, সরকার যার যে কোনও একটি মেনে নিলে তিনি অনশন প্রত্যাহার করতে রাজি। অন্যদিকে, বিক্ষোভকারী পড়ুয়াদের সংসদ ভবন চত্বর থেকে ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। বর্তমানে সেখানে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।