পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার সকালে ত্রিপুরা পুলিশের সদর দফতর থেকে রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধনখড়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ডিজি-র মৃতদেহ ইতিমধ্যেই আগরতলার গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া মাত্রই ত্রিপুরা পুলিশের শীর্ষ আধিকারিকরা তড়িঘড়ি হাসপাতালে গিয়ে উপস্থিত হন।
পাশাপাশি, সুষ্ঠু তদন্তের স্বার্থে সদর দফতরের যে ঘরটি থেকে অনুরাগের দেহ উদ্ধার করা হয়েছে, সেটি সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। ত্রিপুরা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তবে এই চাঞ্চল্যকর মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।আরও পড়ুন:
উল্লেখ্য, অনুরাগ ধনখড় ১৯৯৪ ব্যাচের ত্রিপুরা ক্যাডারের এক জন অভিজ্ঞ আইপিএস আধিকারিক ছিলেন। কর্মজীবনে তিনি রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৫ সালের মে মাসে তিনি ত্রিপুরার ডিজি হিসেবে শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেছিলেন।