নাজির হোসেন লস্কর: বেসরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও সুসংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করল দক্ষিণ ২৪ পরগনা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত সংগঠনের ১৪তম বার্ষিক সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের মতপার্থক্যের পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া একাধিক সদস্যও এদিন একই মঞ্চে ফিরে আসেন।
২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সম্মেলনে উপস্থিত ছিলেন ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা, সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর, ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপক কুমার হালদার, অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জাহিরুল ইসলাম সেখ, সম্পাদক সফিউর রহমান মোল্লা-সহ অন্যান্য পদাধিকারীরা।


সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি নার্সিংহোমগুলির বিভিন্ন সমস্যা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ‘সেবাশ্রয়’ শিবির পরিচালনার সময় বিভিন্ন নার্সিংহোমের ওপর চাপ সৃষ্টি করে চিকিৎসা সামগ্রী ব্যবহারের অভিযোগও তুলে ধরা হয়।
বিধায়ক দেবাংশু পাণ্ডা বলেন, সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। যোগ্য সকল মানুষ যাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান, সে বিষয়টি নজর দেওয়ার কথা বলেন তিনি।
পাশাপাশি, অতীতে ‘সেবাশ্রয়’ শিবিরের নামে বেসরকারি নার্সিংহোমগুলিকে যেভাবে চাপের মুখে ফেলা হয়েছিল, বর্তমান সরকারে তার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি মন্তব্য করেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জাহিরুল ইসলাম সেখের অভিযোগ, তৎকালীন সময়ে সাংসদ অফিসের চাপের মুখে বহু নার্সিংহোম চিকিৎসা সামগ্রী দিতে বাধ্য হয়েছিল, যার অনেকটাই আর ফেরত মেলেনি। বর্তমানে সেবাশ্রয়ে বেনিয়মের অভিযোগ তুলে প্রশাসন যে চিকিৎসা সামগ্রী বাজেয়াপ্ত করছে তাতে ছোট নার্সিংহোমগুলি সমস্যায় পড়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।